সম্প্রতি অতি বৃষ্টির কারণে ঢাকা শহরের বিভিন্ন নিচু এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে হাজারীবাগ এলাকার বহু পরিবার আকস্মিক পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে শিশু এবং সুবিধাবঞ্চিত পরিবারগুলো এই মুহূর্তে খাদ্য ও নিরাপদ পানির সংকটে ভুগছে।
এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পানিবন্দি মানুষের তাৎক্ষণিক কষ্ট লাঘব করতে আজ 'সুরভি', 'জিয়াউর রহমান ফাউন্ডেশন' এবং 'জিয়া পরিবার'-এর যৌথ উদ্যোগে একটি বিশেষ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঢাকা-১০ এর হাজারীবাগ ১৪ নং ওয়ার্ডের বৌবাজর, বালুরমাঠ এবং ৫৫ নং ওয়ার্ডের ঝাউচর ও গুদারাঘাট এলাকার পানিবন্দি মানুষের দোরগোড়ায় এই সাহায্য পৌঁছে দেওয়া হয়।
এছাড়া সুরভি স্কুলের শিক্ষার্থীদের মাঝেও এই সকল খাবার বিতরণ করা হয়েছে।
পানিবন্দি এলাকার পরিবার এবং বিশেষ করে শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে শুকনো ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল: উন্নত মানের ফিরনি ও দুধ, বিস্কুট ও রুটি, ডায়রিয়া বা পানিশূন্যতা রোধে জরুরি খাবার স্যালাইনসহ অন্যান্য শুকনো খাবার।
হঠাৎ সৃষ্টি হওয়া এই জলাবদ্ধতায় অবরুদ্ধ পরিবারগুলোর মাঝে এই খাদ্য সহায়তা অত্যন্ত সময়োপযোগী ভূমিকা পালন করেছে। স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগ কবলিত অসহায় মানুষের পাশে তাদের এই সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।